৭ টাকার ইনজেকশনের দাম ৩৫০, ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ১২:৪৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকার জান্নাত ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মাত্র ৭ টাকা ৫০ পয়সার ইনজেকশনের মূল্য ৩৫০ টাকা দাবি করায় এ জরিমানা করা হয়।
বুধবার (২ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি জানান, সম্প্রতি এক ভোক্তা মধ্যরাতে ইনজেকশন কিনতে জান্নাত ফার্মেসিতে গেলে দোকানি সেটির প্রকৃত দামের চেয়ে অনেক বেশি অর্থ দাবি করেন। ইনজেকশনের প্রকৃত মূল্য ৭ টাকা ৫০ পয়সা হলেও বিক্রয়মূল্য বলা হয় ৩৫০ টাকা। ভোক্তা মূল্য রশিদ চাইলে তা দেওয়া হয়নি।
পরে এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। ফার্মেসির মালিক তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। পাশাপাশি ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন






















