সরাইলে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ৩৪৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ৮টায় উপজেলার দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মো. এনাম খা এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা জামায়াতের আমির এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় মনোনীত প্রার্থী মাওলানা মো. মোবারক হোসাইন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত সরকারের শাসনামলে জামায়াতের নেতা-কর্মীরা দেশে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। বিচার নামের প্রহসনে ফাঁসিতে ঝুলানো হয়েছে দেশের বরেণ্য আলেম-ওলামাদের। গণমাধ্যম একটি স্বাধীন রাষ্ট্রে সত্য প্রচারের অন্যতম হাতিয়ার, অথচ সেই মাধ্যমকেও বিগত সময়ে জালিম সরকার দমন করার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। চাই, সাংবাদিকরা নির্ভয়ে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করুন। সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলার সাহসিকতা যেন সাংবাদিকদের লেখনিতে প্রতিফলিত হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, মানবতার কল্যাণ এবং দক্ষ নেতৃত্ব গঠনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে এবং এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির এবং জেলা জামায়াতের আইন ও মিডিয়া বিষয়ক সম্পাদক মো. রোকন উদ্দিন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সরাইল সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি খন্দকার বরকত উল্লাহ মিন্টু।
সংবাদটি শেয়ার করুন






























