সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা
- আপডেট সময় : ০১:০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতার নাম আসাদুজ্জামান বিপ্লব। তিনি নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে নবীনগরে সংবাদ সংগ্রহের কাজে কয়েকজন টেলিভিশন সাংবাদিক একটি মাইক্রোবাসে করে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে আলীয়াবাদ মোড়ে মাইক্রোবাসটি থামিয়ে ইজারার টাকা দাবি করেন এক যুবক। সাংবাদিকরা জরুরি পরিষেবার আওতায় উল্লেখ করে ইজারার আওতামুক্ত জানান ওই যুবককে। এ সময় ওই যুবক সাংবাদিকদের মাইক্রোবাসটি আটকে রেখে যুবদল নেতা বিপ্লবকে ডেকে আনেন। পরে বিপ্লব এসে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করে ইজারার টাকার নামে চাঁদা আদায়ের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের মারার জন্য উদ্যত হন। এ সময় বিপ্লব নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভীতি প্রদর্শনেরও চেষ্টা করেন।
ইজারাদার জাবেদুল ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের জন্য বিপ্লবকে ভৎসর্না করা হয়েছে। ইএনও এবং এমপি মহোদয় বলেছেন ইজারা বাতিল করবেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীনগর পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, সাংবাদিকের গাড়ি থেকে ইজারার টাকা নেয়ার সুযোগ নেই।ইজারাদারের লোকজন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি ইজারা বাতিলের উদ্যোগ নেয়া হচ্ছে।
সংসদ সদস্য আব্দুল মান্নান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, আমার কোনো ভাতিজা নেই। আমি পৌরসভা কর্তৃপক্ষকে বলছি ইজারা বাতিল করার জন্য।
সংবাদটি শেয়ার করুন














