বিজয়নগরে কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ১০
- আপডেট সময় : ১১:৫৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এ সংঘর্ষ হয়।
এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশীনগর গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব। তবে রাকিবের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি ছিল না কিশোরীর পরিবার। এ নিয়ে বিরোধের জেরে সম্প্রতি কিশোরীর পড়ালেখা বন্ধ করে দেয় তার পরিবার।
মঙ্গলবার রাতে রাকিব ওই কিশোরীর সঙ্গে দেখা করতে তাদের বাড়ির সামনে গেলে কিশোরীর পরিবারের সদস্যরা তাকে গালিগালাজ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় টর্চলাইট জ্বালিয়ে রাতের আঁধারেই চলে পাল্টাপাল্টি হামলা।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোরীর বিয়েসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।
সংবাদটি শেয়ার করুন






















