পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি না রাখায় দিলীপের ক্ষোভ
- আপডেট সময় : ০২:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি গঠিত ১০ সদস্যের বিশেষ পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে স্থান পাননি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কোনো প্রতিনিধি। দলীয় আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে ভূমিকা রাখার দাবি করা এই সংগঠনের কাউকে কমিটিতে অন্তর্ভুক্ত না করায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে কমিটিটি গঠন করে জেলা বিএনপি। জসিম উদ্দিন রিপনকে আহ্বায়ক ও আলী আজমকে সদস্যসচিব করে অনুমোদিত কমিটিতে স্বাক্ষর করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। তবে কমিটিতে জেলা স্বেচ্ছাসেবক দলের কোনো প্রতিনিধির নাম না থাকায় সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ। তিনি বলেন, “বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জেলা স্বেচ্ছাসেবক দল জীবন বাজি রেখে রাজপথে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। অথচ পূজার মতো এমন একটি সংবেদনশীল উৎসবে গঠিত মনিটরিং কমিটিতে আমাদের কোনো প্রতিনিধি রাখা হলো না, যা অত্যন্ত হতাশাজনক।”
তিনি আরও বলেন, “ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতেই পারে, তবে দলের ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করা ঠিক নয়। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অনুরোধ—আমাকে না হলেও দলের অন্য যেকোনো যোগ্য নেতাকর্মীকে অন্তত দুটি পদে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হোক।”
একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দলীয় হাইকমান্ডের কাছে কমিটি গঠনের প্রক্রিয়া সঠিকভাবে তদারকি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেলোয়ার হোসেন দিলীপ। তাঁর মতে, আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করতে সহায়ক হবে।
সংবাদটি শেয়ার করুন














