সংবাদ শিরোনাম ::
লাখো ভক্ত-আশেকানের অংশগ্রহণে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের মাহফিল সম্পন্ন
স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ০৬:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৯১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) বাদ ফজর আখেরি মোনাজাত ও মিলাদের মধ্য দিয়ে শেষ হয় মাহফিল। পীরে কামেল মোকাম্মেল হযরত শাহসুফী কুতুবুল আকতাব দাদা হুজুর ক্বিবলা ফান্দাউকী (র.) ও পীরে কামেল মোকাম্মেল হযরত শাহসুফী মোহজাদ্দেদে জামান হুজুর ক্বিবলা ফান্দাউকী (র.) এর ইছালে ছওয়াব উপলক্ষে ফান্দাউক দরবার শরীফের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে গত শুক্রবার বাদ জুমা ফান্দাউক খেলার মাঠে মাহফিল শুরু হয়। এতে দেশের নানা প্রান্ত থেকে লাখো ভক্ত-আশেকানরা অংশগ্রহণ করেন।
আখেরি মোনাজাতে আল্লাহর দরবারে মুসলিম উম্মাহর জন্য ফরিয়াদ করেন ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী। মোনাজাতে তাদের আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ফান্দাউক খেলার মাঠ।

এর আগে গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ মাগরিব তালীম পরবর্তী আলোচনায় গুরুত্বপূর্ণ নসিহত পেশ করে আল-হোসাইনী বলেন, আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রের অস্থিরতা দূর করে স্থায়ীভাবে শান্তি চাইলে আমার নবীর সুন্নতের অনুসরণ ও নবীজীর জিন্দেগীর অনুকরণের কোন বিকল্প নাই। গোটা পৃথিবীতে অশান্তির মূল কারণ আমরা নবীজীর তরিকা ছেড়ে পশ্চিমাদের প্রেসক্রিপশন গ্রহণ করছি। তাই আজকে আমাদের সন্তানগুলো উচ্চ শিক্ষিত হচ্ছে কিন্তু সুশিক্ষা তথা কুরআনের শিক্ষা না থাকায় আমাদের পরিবার চুড়ান্ত ধ্বংসের দিকে নিপতিত হচ্ছে। পরিবারের সুখ শান্তি চাইলে কুরআনের শিক্ষা ও নবীজীর সুন্নতের বাস্তবায়ন করেন তবেই পরিবারে চিরস্থায়ী শান্তি আসবে বলে উল্লেখ করেন পীর সাহেব।
দ্বিতীয় দিনের মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের সম্পাদক এ. এম. বাহাউদ্দিন। এছাড়াও মাহফিলে আলোচনা পেশ করেন- মৌকারা দরবার শরীফের পীর মাওলানা নেছারুদ্দীন ওয়ালী উল্লাহী, ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. কাফিল উদ্দিন সরকার সালেহী, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মুফতি আব্দুল লতিফ শেখ প্রমুখ।
মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পীরজাদা মাওলানা মুফতী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী, মাওলানা মুফতী সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী ও মাওলানা মুফতী সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী।
সংবাদটি শেয়ার করুন





























