সংবাদ শিরোনাম ::
চ্যাম্পিয়নের হাতে ষাঁড় গরু, রানারআপের পুরস্কার খাসি
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
- আপডেট সময় : ০৫:১৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / ১৪৫ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার হিসেবে একটি ষাঁড় গরু পেল নাসিরনগর একাদশ। আর রানারআপ হওয়া বেজুরা একাদশের হাতে তুলে দেওয়া হয় একটি খাসি। ব্যতিক্রমী এ পুরস্কারকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বেজুরা এলাকায় অনুষ্ঠিত বেনু মেম্বার হা-ডু-ডু ফাইনাল টুর্নামেন্টে ছিল উৎসবের আমেজ।

হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নাসিরনগর একাদশ ও বেজুরা একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ৬-১ পয়েন্টে জয়লাভ করে নাসিরনগর একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। এ সময় তাঁর সহধর্মিণীও উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল এবং নাসিরনগরের সাবেক সংসদ সদস্য সৈয়দ মোর্শেদ কামালের পুত্র সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ শেষে দর্শকদের করতালির মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলতেই তাদের এ আয়োজন।
সংবাদটি শেয়ার করুন
















