সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম
- আপডেট সময় : ০৪:৫১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ৭৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে গৃহীত প্রায় ২২টি উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যদের হাতে হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় সরাইল উপজেলা ডাকবাংলোতে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট পিআইসি কমিটির সদস্যদের হাতে প্রথম কিস্তির চেক তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল করিম রিপন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, জেলা পরিষদের অর্থায়নে গৃহীত প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজ স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, অবহেলা কিংবা কাজে গাফিলতি বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি কাজের স্থায়িত্ব ও মান নিশ্চিত করতে হবে। প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন ও তদারকি করা হবে।
তিনি বলেন, জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় জনকল্যাণমূলক ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে জেলা পরিষদের অর্থায়নে এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রথম কিস্তির চেক হস্তান্তরের মধ্য দিয়ে প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
সংবাদটি শেয়ার করুন

















