আশুগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
- আপডেট সময় : ০৫:২৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ১১২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে আনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি তারুয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য মহসিন মিয়ার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল প্রায় ৭টার দিকে আনোয়ারা বেগম রান্নার প্রস্তুতির জন্য ঘরের এক কোণে রাখা চালের বস্তা থেকে চাল বের করতে যান। এ সময় বস্তার ভাঁজে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে বস্তা সরালে সাপটি পাশের ঝোপঝাড়ে পালিয়ে যায়।
পরে স্বজনরা তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান।
নিহতের স্বামী মহসিন মিয়া জানান, সাপ দংশনের পরপরই তিনি ক্ষতস্থানের ওপরের অংশে কাপড় বেঁধে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসা শুরু হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. শাহীন ভূঁইয়া বলেন, রোগীর শারীরিক অবস্থার ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম দেওয়া হয়েছিল। তবে বিষক্রিয়া অত্যন্ত তীব্র হওয়ায় সব ধরনের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া বলেন, বিষাক্ত সাপের কামড়ে তারুয়া ইউনিয়নের এক গ্রাম পুলিশের স্ত্রীর মৃত্যুর খবর পেয়েছি। বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বৃদ্ধি পায়। এ সময় ঘরবাড়ি, খাদ্যশস্য সংরক্ষণের স্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন























