সরাইলে জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ২০
- আপডেট সময় : ১২:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ১৭২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আরফোজ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরফোজ আলী ওই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০–২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ফারুক মিয়াসহ দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের মাগুরহাটি ও চারুহাটি এলাকার একটি জায়গা নিয়ে স্থানীয় ধন মিয়া গোষ্ঠী ও কালুরহাটির শিপন মিয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ১৫ নভেম্বর থেকে কয়েক দফা সংঘর্ষও হয়। এরই জেরে ২৩ নভেম্বর সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধন মিয়া গোষ্ঠীর আরফোজ আলী গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, “সংঘর্ষে একজন নিহত হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
সংবাদটি শেয়ার করুন





















