আশুগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / ৩৩৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ‘আওয়ামী লীগ’-এর আশুগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মো. আনিসুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটে আশুগঞ্জ বন্দর এলাকার বিওসি ঘাট থেকে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
আনিসুর রহমান একসময় সরকারি দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে আশুগঞ্জ উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিওসি ঘাট এলাকায় অভিযান চালিয়ে আনিসুর রহমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টাসহ নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, আনিসুর রহমানের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি হত্যা মামলা এবং আশুগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
আটকের পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের নির্দেশনা অনুযায়ী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
সংবাদটি শেয়ার করুন






























