বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৮:৫০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৯১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বণিকপাড়ায় সাবেরা সোবহান উচ্চ বালিকা বিদ্যালয়ের সংযোগ সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। সামান্য বৃষ্টি হলেই সড়কটি পানিতে তলিয়ে যায়। দিনের পর দিন পানি জমে থাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। আর জমে থাকা পানিতে ময়লা-আবর্জনা মিশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়।
স্থানীয়রা জানান, সড়কটির সঙ্গে স্টেশন এলাকারও সরাসরি সংযোগ রয়েছে। ফলে প্রতিদিন শিক্ষার্থী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে চলাচল করতে হয়। কিন্তু সড়কে পানি জমে থাকায় বিশেষ করে স্কুলগামী ছাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেকটা বাধ্য হয়েই দুর্গন্ধযুক্ত নোংরা পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে তাদের।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বৃষ্টির পর জমে থাকা নোংরা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দুর্গন্ধযুক্ত পানিতে নিয়মিত পা ভিজিয়ে চলাচলের কারণে নানা ধরনের জীবাণু ও চর্মরোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা বলেন, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। বিশেষ করে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুত সড়কটির সংস্কার ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করা প্রয়োজন।
এ অবস্থায় সড়কটির দ্রুত সংস্কার, জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নিতে পৌর কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে সড়কটি চলাচলের উপযোগী করা হবে।
সংবাদটি শেয়ার করুন














