তিতাস নদীর তীর ভরাটের দায়ে এনসিপি নেতা লিটনকে দুই লক্ষ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৫:২৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ৯৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে নদী তীরবর্তী এলাকা ভরাটের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য ও সাবেক জেলা আহ্বায়ক আজিজুর রহমান লিটনকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাটকাজে ব্যবহৃত প্রায় ৩ হাজার ফুট পাইপ ধ্বংস এবং দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা মৌজায় শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন।
এ সময় সুহিলপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে নদী তীরবর্তী জমি ভরাটের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় দুই লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযুক্ত আজিজুর রহমান লিটন ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তার পক্ষে প্রতিনিধি মো. জাফর ইমাম আদালতে উপস্থিত ছিলেন। তার কাছ থেকেই জরিমানার অর্থ আদায় করা হয়।
এ সময় ভরাটকাজে ব্যবহৃত আনুমানিক ৩ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয় এবং দুটি ড্রেজার মেশিন বিনষ্ট করে দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী দখল, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন



















