অসহায় নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম
- আপডেট সময় : ১০:৫১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ৪১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতুলি এলাকায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে অসুস্থ ও অসহায় অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ের নারীকে উদ্ধার করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেইজে ওই নারীর করুণ অবস্থার ছবি ও তথ্য প্রকাশ করা হয়। পোস্টগুলোতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে তিনি রাস্তার পাশে পড়ে রয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে পোকা ধরেছে এবং মাথা ও নাকের কিছু অংশে পচন দেখা দিয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় এলে অনেকেই জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলামকে মেনশন করে তার দৃষ্টি আকর্ষণ করেন।
বিষয়টি নজরে আসার পর তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং স্বশরীরে ওই নারীকে উদ্ধার করেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
উদ্ধার কার্যক্রম শেষে প্রশাসক সিরাজুল ইসলাম চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ওই নারীর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান। একই সঙ্গে তার কাপড়-চোপড়সহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তার দায়িত্বও গ্রহণ করেন। হাসপাতালের চিকিৎসক ও নার্সদের কাছে রোগীর সার্বিক দেখভালের বিষয়টি বুঝিয়ে দিয়ে তিনি ফিরে আসেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জেলা পরিষদ প্রশাসকের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। স্থানীয়দের আশা, যথাযথ চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে অজ্ঞাত ওই নারী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
সংবাদটি শেয়ার করুন























