ব্রাহ্মণবাড়িয়ায় তূর্ণা এক্সপ্রেসে পাথর নিক্ষেপ: চোখ হারালো আয়কর আইনজীবী
- আপডেট সময় : ০৩:৩৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে এক আয়কর আইনজীবী গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকদের দীর্ঘ অস্ত্রোপচারের পর তার একটি চোখ অপসারণ করতে হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এ সময় একটি পাথর ট্রেনের ভেতরে থাকা আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের ডান চোখে আঘাত হানে।
পাথরের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।
সূত্র জানায়, প্রায় চার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের পরও চিকিৎসকরা তার ক্ষতিগ্রস্ত চোখটি রক্ষা করতে পারেননি। শেষ পর্যন্ত চোখটি অপসারণ করতে হয়েছে।
ঘটনার পর রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা দীর্ঘদিন ধরেই ঘটছে, কিন্তু তা প্রতিরোধে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে যাত্রীদের দাবি, সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল এবং অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো বিপজ্জনক কর্মকাণ্ড বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন রেলযাত্রী ও সচেতন মহল।
সংবাদটি শেয়ার করুন





















