পৌরসভার বিধি না মেনে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধে লাল ব্যানার টানাল পৌর কর্তৃপক্ষ
- আপডেট সময় : ১২:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১৩৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় পৌরসভার নির্মাণ বিধিমালা উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এতে পাশের বাড়ির ক্ষয়ক্ষতি ও ফাটল দেখা দেওয়ার দাবি করে পৌর প্রশাসক এবং জেলা প্রশাসকের কাছে পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা সেকেন আহমেদ।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব পাইকপাড়া এলাকার বাসিন্দা আবু জাহিদ তার জমিতে বহুতল ভবন নির্মাণ করছেন। নির্মাণকাজে পৌরসভার বিভিন্ন বিধি অনুসরণ করা হচ্ছে না এবং সীমানা প্রাচীর ঘেঁষে ভবন নির্মাণ করায় পাশের বাড়ির ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেন সেকেন আহমেদ।
লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, নির্মাণকাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করায় নির্মাণসামগ্রী তার বসতবাড়ির ওপর পড়ছে। এতে বাড়ির টিনের চাল, দেয়াল ও অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বাড়ির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং বসবাসের পরিবেশও নষ্ট হচ্ছে বলে দাবি করা হয়।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে একাধিকবার আপত্তি জানানো হলেও অভিযুক্ত ব্যক্তি কোনো কর্ণপাত না করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। ফলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা এবং জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নির্মাণকাজে পৌরসভার বিধিমালা প্রতিপালন নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিযোগকারী।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আবু জাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতিবেশী সেকেন আহমেদ ও পাবেল যে অভিযোগটি করেছেন এই বিষয়ে আমি অবগত ছিলাম না। তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আমাকে জানায়নি।
প্রতিবেশী পাবেলের সঙ্গে আমার কথা হয়েছে যদি উনারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে আমি তাদের সঙ্গে কথা বলে এটা শেষ করে নেব।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক (উপসচিব) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে ঘটনাস্থলে সার্ভেয়ার পাঠিয়ে তদন্ত করা হয়েছে। পরবর্তীতে দুপুরে পৌর কর্তৃপক্ষ নির্মাণাধীন ভবনটিকে অননুমোদিত উল্লেখ করে ‘অননুমোদিত ভবনের নির্মাণ কাজ বন্ধ করা হলো’ মর্মে লাল ব্যানারের নোটিশ টানিয়ে দেয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করে। তিনি জানান, পৌরসভার নির্দেশনা অমান্য করে নির্মাণকাজ চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন





















