ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) দুপুরে কক্সবাজার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ ও বিদ্যালয়ের গেটের বাইরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ড. মোস্তফা ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম এবং জেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন।
এ সময় অতিথিরা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।