মোদি বিরোধী আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া ও আলোচনা সভা
- আপডেট সময় : ০১:৩৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / ১০৮ বার পড়া হয়েছে
মোদি বিরোধী আন্দোলন এবং মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৫টায় শহরের দারুল আরকাম মাদরাসা প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা হেফাজতের সভাপতি মুফতি মোবারকুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সাজিদুর রহমান বলেন, “২০১৩, ২০১৬, ২০২১ ও ২০২৪ সালের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটি ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি।” তিনি শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনের আহ্বান জানান।
জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা আলী আজম কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী র. আ. ম. উবাদুল মুক্তাদির চৌধুরী এবং সাবেক জেলা পুলিশ সুপার আনিসুর রহমানের নির্দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা যেসব হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে অভিযোগ রয়েছে, সেগুলোর দ্রুত বিচার কার্যকর করতে হবে।
সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
হেফাজতে ইসলামের দপ্তর সম্পাদক মাওলানা বিল্লাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদটি শেয়ার করুন
























