ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে গুলিবর্ষণ: দুইজন গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি
- আপডেট সময় : ০৬:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ২১৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত পৌনে ৭টার দিকে মাদরাসা রোডের পপুলার প্রেসের সামনে এ ঘটনা ঘটে। আহত টুটুল মিয়া ও শিহাব উদ্দিনকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত টুটুল মিয়ার ডান পায়ে ২০–২৫টি রাবার বুলেট এবং শিহাব উদ্দিনের হাত-পায়ে কয়েকটি গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে দুজনই বর্তমানে শঙ্কামুক্ত।
একাধিক স্থানীয় সূত্র জানায়, টুটুল মিয়া সেখানে দাঁড়িয়ে চা পান করছিলেন। হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তার ডান পায়ে ছররা গুলি লাগে। পাশে থাকা শিহাব উদ্দিনও গুলিবিদ্ধ হন।
টুটুল মিয়া অভিযোগ করে বলেন, পূর্ববর্তী বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় শাকিল নামে এক ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে লক্ষ্য করে গুলি করেন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়।
শিহাব উদ্দিন জানান, তিনি টুটুলের পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলেন। আকস্মিক গুলিতে তিনিও আঘাত পান। টুটুলকে গুলি করার পর হামলাকারী তার দিকেও অস্ত্র তাক করলে তিনি সরে গিয়ে বাঁচেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূর ইবনে বিন সিফাত বলেন, “একজনের পায়ে ২০–২৫টির মতো রাবার বুলেট রয়েছে। দুজনই শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, স্থানীয় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সংবাদটি শেয়ার করুন












