আইনি জটিলতায় বিয়ে না করেই দেশে ফিরছেন চীনা প্রেমিক ওয়াং তাওজেন
- আপডেট সময় : ০৬:১৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ১৬৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সুরমা আক্তারকে বিয়ে না করেই দেশে ফিরে যাচ্ছেন চীনা নাগরিক ওয়াং তাওজেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে তিনি নাসিরনগর ত্যাগ করে ঢাকায় পৌঁছান। সেখান থেকেই তিনি নিজ দেশ চীনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
প্রেমের টানে বেশ কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন তাওজেন। সুরমা আক্তারের সঙ্গে তার বিয়ের তারিখ নির্ধারিত ছিল গত রবিবার (২ নভেম্বর)। কিন্তু নানা আইনি জটিলতার কারণে নির্ধারিত সময়ে বিয়ে সম্পন্ন হয়নি। সোমবারও বিয়ের চেষ্টা ব্যর্থ হয়। এর মধ্যেই তাওজেন ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে আদালতের মাধ্যমে বিয়ে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হলে আইনজীবীরা তাকে চীনা দূতাবাসের পরামর্শ নিতে বলেন। দূতাবাসে যোগাযোগের পর তারা বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠায়। কিন্তু সেখান থেকেও বিয়ের বিষয়ে কোনো সুস্পষ্ট আইনি নির্দেশনা পাওয়া যায়নি। ফলে শেষ পর্যন্ত বিয়ে থেমে যায়।
এরই মধ্যে ঢাকাস্থ চীনা দূতাবাস সম্প্রতি তাদের নাগরিকদের বিদেশি, বিশেষ করে বাংলাদেশি নারীদের সঙ্গে বিয়ে নিয়ে সতর্কতা বার্তা জারি করেছে।
দূতাবাস জানিয়েছে, চীনে নারী-পুরুষের অনুপাত ভারসাম্যহীন থাকায় অনেক পুরুষ বিদেশি নারীকে বিয়ে করতে আগ্রহী হচ্ছেন। এ সুযোগে কিছু চক্র মানবপাচারে জড়িয়ে পড়ছে বলে সতর্ক করে দিয়েছে দূতাবাস।
তাদের বার্তায় বলা হয়েছে, বিদেশি নারীকে বিয়ে করতে হলে চীনা নাগরিকদের নিজ দেশের আইন কঠোরভাবে মেনে চলতে হবে, এবং কোনো অবৈধ ম্যাচমেকিং এজেন্সি বা অনলাইন প্রতারণা থেকে দূরে থাকতে হবে। এসব নিয়ম ভঙ্গ করলে মানবপাচার সংশ্লিষ্ট অপরাধে গ্রেপ্তারের ঝুঁকি রয়েছে।
সুরমার চাচা জানান, “আমরা স্থানীয়ভাবে ও আদালতের মাধ্যমে বিয়ে সম্পন্ন করার চেষ্টা করেছিলাম, কিন্তু আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি। চীনা দূতাবাসে গেলে তারা জানায়, তাদের সরকার বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে। পরে আইন মন্ত্রণালয়েও যোগাযোগ করি, কিন্তু সেখান থেকেও স্পষ্ট কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।” তিনি আরও বলেন, “তাওজেন আমাদের জানিয়েছে, সে দেশে ফিরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরে আবার বাংলাদেশে এসে বিয়ে করবে।”
প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে আসা এই ঘটনাটি ইতিমধ্যে নাসিরনগরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন কৌতূহলী মানুষ ভিড় জমাচ্ছেন সুরমাদের বাড়িতে।
উল্লেখ্য, প্রায় দেড় মাস আগে ‘ওয়াল টক’ নামের একটি অ্যাপে সুরমা ও তাওজেনের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতি নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত দূতাবাসের সতর্কতা ও আইনি জটিলতার কারণে সেই বিয়ে আর সম্পন্ন হয়নি।
সংবাদটি শেয়ার করুন














