রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ অনুযায়ী মর্যাদা পেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক
- আপডেট সময় : ০৭:০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ৩১ বার পড়া হয়েছে
রাষ্ট্রীয় যেকোনো অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা, কূটনৈতিক অনুষ্ঠান এবং সরকারি আনুষ্ঠানিকতায় ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (২০২০ সাল পর্যন্ত সংশোধিত) অনুযায়ী জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের মর্যাদাক্রম নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
৩০ জুলাই জারি করা স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের আসন বিন্যাস, আমন্ত্রণপত্রে নামের ক্রম, আনুষ্ঠানিক চিঠিপত্র এবং অন্যান্য সরকারি কার্যক্রমে নির্ধারিত মর্যাদাক্রম যথাযথভাবে অনুসরণ করতে হবে।
এ নির্দেশনার ফলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলামও সরকারি সকল সভা, রাষ্ট্রীয় অনুষ্ঠান ও জাতীয় দিবসের কর্মসূচিতে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী নির্ধারিত আসন বিন্যাস ও প্রটোকল সুবিধা পাবেন।
ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী জেলা পরিষদের প্রশাসকদের অবস্থান ২৪ নম্বরে। একই মর্যাদাক্রমে রয়েছেন জেলা প্রশাসকরাও। ফলে ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশের সরকারি অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসকদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত হবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলামও রয়েছেন।
এ নির্দেশনাকে জেলা পরিষদ প্রশাসকদের রাষ্ট্রীয় প্রটোকল ও মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্টরা মনে করছেন।
সংবাদটি শেয়ার করুন













